রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, নিহত বেড়ে ৫
- আপডেট সময় ১১:২৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ৩০৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ গোলাম রাব্বী (৩৫) ও আলমগীর (৩৩) নামের আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে।
শনিবার (৬ মে) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানান ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, শুক্রবার বিকেলে আলমগীর হোসেন ও রাতে গোলাম রাব্বী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আলমগীর হোসেনের ৯৭ শতাংশ ও গোলাম রাব্বীর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
দগ্ধদের হাসপাতালে আনার পর শংকর (৪০) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান অগ্নিদগ্ধ মো. ইলিয়াস (৩৫)। আর শুক্রবার সকালে নিয়ন (২০) নামে আরেক জনের মৃত্যু হয়। বর্তমানে দগ্ধ আরও দু’জন এ হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- মো. ইব্রাহিম (৩৫) ও মো. জুয়েল (৩৫)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে, বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকার আরআইসিএল রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে এ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন দগ্ধ হন। জানা যায়, গত বৃহস্পতিবার শ্রমিকরা ওই মিলে লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সবাই এগিয়ে যায়। এ সময় গলিত গরম লোহা ছিটকে এসে তারা দগ্ধ হন।



















