“রাষ্ট্রপতি নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং এ জঘন্য হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মে আশ্বস্ত করেছেন।”
নূরকে রাষ্ট্রপতির ফোন, বিদেশে চিকিৎসার ‘আশ্বাস’
- আপডেট সময় ০১:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠির আঘাতে মারাত্মক আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার বেলা ১০টায় রাষ্ট্রপতি সরাসরি নূরের নম্বরে ফোন করেন বলে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান।
সে সময় নূরের পাশেই ছিলেন জানিয়ে হানিফ বলেন, ফোনে তাদের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি।
গত শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টন এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে গণঅধিকারের নেতাকর্মীরা বক্সকালভার্ট সড়কে তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে নূর গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় সেনা বাহিনী ও পুলিশ সদস্যরা নূর ও তার সহকর্মীদের লাঠিপেটা শুরু করে।
হামলায় নূরসহ অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে গণধিকার পরিষদের দাবি।
অন্তর্বর্তী সরকারও তাদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে।
মইদুল হাসান – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











