কয়েক মাস আগের ইবনে সামাদ হত্যাকাণ্ডের আসামি ছিলেন রাকিব। ওই হত্যাকাণ্ডের সঙ্গে এ হত্যার সংযোগ থাকতে পারে, বলেন ওসি রকিবুল ইসলাম।
শিবচরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০১:১৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৬ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করার তথ্য দিয়েছে পুলিশ।
নিহত রাকিব মাদবর (২৫) একটি হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি জামিন পেয়ে এলাকায় ফেরেন তিনি।
ঘটনাটি ঘটে রোববার রাত ৮টার দিকে; শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, রাকিব ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় চার থেকে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তারা রাকিবকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় রাকিবের।
রাকিবের বাড়ি শিবচরের শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামে। তার বাবার নাম নাসির মাদবর। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, কয়েক মাস আগের ইবনে সামাদ হত্যাকাণ্ডের আসামি ছিলেন রাকিব। ওই হত্যাকাণ্ডের সঙ্গে রাকিবকে হত্যার ঘটনার সংযোগ থাকতে পারে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।”
পুলিশ বলছে, আধিপত্য নিয়ে চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সর্দারের লোকজনের সঙ্গে রাকিব মাদবরদের লোকজনের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে গত ৬ মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন আবুল কালাম সর্দারের ছেলে ইবনে সামাদ।
মাদারীপুর প্রতিনিধি : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম











