শেখ জামাল হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়া : তথ্যমন্ত্রী
- আপডেট সময় ১০:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
- / ৩০৮ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন শেখ জামাল হত্যাকাণ্ডের অন্যতম ‘মাস্টারমাইন্ড’।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। হাছান মাহমুদ বলেন, আজকে শহীদ শেখ জামালের শুভ জন্মদিন।
জন্মদিনে তার আত্মার মাগফেরাত কামনা করি। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শেখ জামাল ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা, শেখ রেহানা এবং শেখ রাসেলের সঙ্গে পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন। সেই বন্দিদশা থেকে তিনি পালিয়ে গিয়ে, পায়ে হেঁটে নানাভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে আগরতলা গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছে। একজন সম্ভাবনাময় তরুণ যিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন, দেশ গঠনে অবদান রাখতে পারতেন, তাকে হত্যা করা হয়েছে। উল্লেখ্য, শেখ জামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকদের হাতে নিহত হন।




















