বিশ্বকাপের আগে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল
- আপডেট সময় ১০:৫৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিদেশের মাটিতে প্রস্তুতি শুরু করতে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রোববার (২৪ মে) গভীর রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন দলের প্রথম বহরের ১৩ সদস্য।
বাকি সদস্যরা পরবর্তী ধাপে যোগ দেবেন দলের সঙ্গে। বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।
দেশ ছাড়ার আগে মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি নিয়ে কথা বলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার মতে, শেষ মুহূর্তের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ দলকে ভালোভাবে তৈরি হতে সাহায্য করেছে।
জ্যোতি বলেন, আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে। প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব।
শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।
বিশ্বকাপের আগে স্কটল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেই দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তার বিশ্বাস, এই সিরিজ থেকেই দল নিজেদের শক্তি ও দুর্বলতা আরও ভালোভাবে বুঝতে পারবে।
এ প্রসঙ্গে জ্যোতি বলেন, স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাব, এটা অনেক বড় সুযোগ। আমাদের দল কতটা ভালো খেলবে বিশ্বকাপে এবং কীভাবে ম্যাচ জিতবে, সেটা যাচাইয়ের ভালো সুযোগ ছিল।




















