ডেইরি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
দেশে দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দুগ্ধ খাত থেকে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ডেইরি খাতকে টেকসই, লাভজনক ও জলবায়ু-সহনশীল করতে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, গ্রামীণ মানুষের জীবন-জীবিকা ও পুষ্টিনিরাপত্তায় দুগ্ধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অন্যদিকে, জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন।
ফলে চাহিদার তুলনায় উৎপাদনে ঘাটতি রয়েছে।
এ ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বাজারব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশবান্ধব খামার পরিচালনায় গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খাতের সঙ্গে যুক্ত। এসব পরিবারের আয়ের অন্যতম উৎস দুগ্ধ খামার। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ খাতের উন্নয়নে খামারিদের জন্য উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, অর্থায়ন ও বাজারসুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
ডেইরি খাতের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, পশুখাদ্যের উচ্চমূল্য, কম উৎপাদনশীলতা, পর্যাপ্ত কোল্ড চেইনের অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এ খাতের অন্যতম সমস্যা। এসব সমস্যা সমাধানে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন, সুষম পশুখাদ্য সরবরাহ, বিজ্ঞানসম্মত প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে দুধের উৎপাদন বাড়ার পাশাপাশি পরিবেশদূষণও কমবে।
তিনি বলেন, সরকার টেকসই দুগ্ধশিল্পের বিকাশে সহায়ক নীতিগত পরিবেশ তৈরিতে কাজ করছে। দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগী ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে প্রযুক্তি হস্তান্তর ও খামারিদের দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে অংশীদারত্ব জোরদারের পরামর্শ দেন।
‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।
অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক ও দুগ্ধশিল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।















