গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি, এক সপ্তাহেই জমে উঠেছে বিশ্বকাপ
- আপডেট সময় ০২:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার এক সপ্তাহ পার না হতেই বিশ্বমঞ্চে শুরু হয়েছে শ্রেষ্ঠত্বের লড়াই। গোল্ডেন বুট জয়ের প্রাথমিক দৌড়ে বরাবরের মতোই আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে মেসি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা।
আর সেই ম্যাচে হ্যাটট্রিক করে মেসি যেন বার্তা দিয়ে দিলেন বয়স কেবলই একটি সংখ্যা। এই ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক ম্যাচ।
কারণ, প্রথম ফুটবলার হিসেবে ৬টি বিশ্বকাপে অংশগ্রহণের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি বিশ্বকাপে নিজে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় শীর্ষে নিয়ে গেছেন তিনি। আসরের প্রথম ম্যাচেই তিন গোল করে তিনি উঠে এসেছেন গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে।
মেসির পরেই দুই গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে কড়া টক্কর দিচ্ছেন ছয়জন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন জার্মানির কাই হার্ভাটজ, যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আর্লিং হালান্ড, নিউজিল্যান্ডের বেন জাস্ট এবং সুইডেনের ইয়াসিন আয়রি।
এক গোল করা খেলোয়াড়দের তালিকায় নাম লিখিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা। তবে এই তালিকায় জার্মানির আধিপত্য স্পষ্ট। এখন পর্যন্ত জার্মানির পাঁচজন ফুটবলার গোল করার তালিকায় স্থান করে নিয়েছেন, যা তাদের দলীয় আক্রমণভাগের শক্তির জানান দিচ্ছে। এর মধ্যে রয়েছেন ব্রাউন, মুসিয়ালা, এনমেচা, শ্লটারবেক এবং উন্দাভ।
বিশ্বকাপের খেলা সব মাত্র শুরু, এখনো অনেকটা পথ বাকি। গোল্ডেন বুটের এই লড়াইয়ে সময়ের সাথে সাথে নতুন কোনো তারকা জ্বলে ওঠেন, নাকি লিওনেল মেসি তার অভিজ্ঞতার ভাণ্ডার সাজিয়ে শেষ পর্যন্ত ট্রফিটি আবারও নিজের করে নেন তা দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।


















