ইউক্রেন যুদ্ধে আরেক বাংলাদেশি যুবক নিহত
- আপডেট সময় ০২:২০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে— এ প্রলোভনে পড়ে গত মে মাসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না।
গত শনিবার সাগরের এক সহকর্মীর মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার। সোমবার বিষয়টি জানিয়েছেন সাগরের বাবা কবির হোসেন।
নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।
সাগরের বাবা কবির হোসেন বলেন, আমার পাঁচ সন্তানের মধ্যে সাগর সবার ছোট। সে চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করত। ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাবে বলে বায়না ধরে। প্রায় ৬ লাখ টাকা খরচে সাগর রাশিয়ায় যায়। সেখানে গিয়ে একটি বেকারিতে চাকরি নেয়। পরে সেখানে কোনো এক দালালের খপ্পরে পড়ে সাগর। সেই দালাল সাগরকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।
তিনি বলেন, সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সাগর। এরপর গত মে মাসে যুদ্ধে যোগ দেয়। তারপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি। গত শনিবার তার এক সহকর্মী আমাকে ফোন করে বলে সাগর মারা গেছে।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।






















