আর্জেন্টিনার হারে ‘এক যুগের সমাপ্তি’ দেখছে দেশটির সংবাদমাধ্যম
- আপডেট সময় ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ফুটে উঠেছে হতাশা, আবেগ আর অনিশ্চয়তার মিশেল। বেশির ভাগ পত্রিকা ও ক্রীড়া সংবাদমাধ্যমের মূল্যায়ন, এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হলো মেসিকে ঘিরে বিশ্বকাপের দীর্ঘ এক যাত্রা।
সেই সঙ্গে শেষ হতে পারে স্কালোনির অধীনে আর্জেন্টিনার সবচেয়ে সফল সময়টাও।
দেশটির প্রভাবশালী দৈনিক লা নাসিওন লিখেছে, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের অসাধারণ পারফরম্যান্সে প্রায় দুই ঘণ্টা ম্যাচে টিকে ছিল আর্জেন্টিনা।
এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলতে হলেও দলটি ম্যাচকে প্রায় টাইব্রেকারে নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয়।
ক্লারিন ফাইনালটিকে আখ্যা দিয়েছে ‘স্কালোনেতা’ যুগের সম্ভাব্য বিদায় হিসেবে। তাদের ভাষায়, ছয়টি বিশ্বকাপ খেলা লিওনেল মেসির এটাই হয়তো শেষ আসর।
স্কালোনির অধীনে চারটি শিরোপা ও টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল খেলে শেষ হলো আর্জেন্টিনার সবচেয়ে সফল সময়গুলোর একটি।
ক্রীড়াভিত্তিক দৈনিক ওলে ম্যাচের ফলের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শেষ বাঁশির পরের আবেগঘন মুহূর্তগুলোকে। তাদের প্রতিবেদনে উঠে এসেছে, চোখের পানি ধরে রাখতে পারেননি স্কালোনি। রানার্সআপের পদক গলায় ঝুলিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মেসিও। পুরো স্টেডিয়াম তখন করতালিতে সম্মান জানায় আর্জেন্টাইন অধিনায়ককে।
টিওয়াইসি স্পোর্টস নজর দিয়েছে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। ম্যাচ শেষে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, জাতীয় দলের দায়িত্বে তিনি থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার চুক্তির মেয়াদও শেষের দিকে, ফলে ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে পেরফিলর বিশ্লেষণ, পুরো ম্যাচেই বলের পেছনে ছুটেছে আর্জেন্টিনা। স্পেনের রক্ষণে চাপ তৈরি করার মতো আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেনি দলটি।




















