মেসিকে সেরা মানলেন এমবাপ্পে
- আপডেট সময় ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী দিনেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে লাইমলাইট কেড়ে নিয়েছেন লিওনেল মেসি। এই মহাকীর্তির মাধ্যমে নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসে মোট ১৬টি গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির এই রেকর্ডের পেছনেই ১৪টি গোল নিয়ে তাড়া করছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করা এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আজ রাতে মাঠে নামছেন ইরাকের বিপক্ষে।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজির সাবেক সতীর্থ মেসির প্রশংসায় মেতে উঠলেন এমবাপ্পে।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান নিয়ে জানতে চাওয়া হলে এমবাপ্পে বলেন, ‘এই তালিকায় থাকাটা সব সময়ই আনন্দের।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ জেতা, কারণ আমাদের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে হবে। আমি আগে থেকেই জানতাম লিও গোল করবে, কারণ ও তো সব সময়ই গোল করে! আমি সব সময় ওকে ধরার জন্য পেছনে ছুটছি।
দলের জয়ে অবদান রাখতে আমি গোল করা ধরে রাখার চেষ্টা করব, আর তা করতে পারলে রেকর্ডের আরও কাছে যেতে পারব। তবে আমার কাছে রেকর্ডের চেয়ে বিশ্বকাপ জেতাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচেই গোল পেয়েছেন হ্যারি কেইন ও আর্লিং হালান্ডের মতো তারকারা। তাদের সঙ্গে নিজের ও মেসির তুলনা প্রসঙ্গে ফরাসি অধিনায়ক সরাসরি বলেন, ‘ক্রিস্টিয়ানোর (রোনালদো) পাশাপাশি মেসিই বিশ্বের সেরা খেলোয়াড়, এটা একদম পরিষ্কার। আমি শুধু আমার দলকে আরেকটি বিশ্বকাপ জেতাতে সাহায্য করার চেষ্টা করছি। বাকি সব আলোচনা কেবল সাংবাদিকদের তৈরি করা বিতর্ক।’
তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তে আমি হালান্ডকে নিয়ে ভাবছি না। হয়তো তারা আমাদের নিয়ে ভাবছে, কিন্তু আমার পুরো মনোযোগ এখন ইরাক ম্যাচ ঘিরে। মানুষ বা সাংবাদিকদের আলোচনার জন্য এগুলো ভালো খোরাক হতে পারে, কিন্তু আমার মাথায় এসব নেই। আমি শুধু ট্রফিটা দেশে নিয়ে যেতে চাই। মেসির মতো ৪০ বছর বয়স পর্যন্ত আমি খেলব না, তার আগেই হয়তো আমাকে তাড়িয়ে দেওয়া হবে (হাসি)। আমি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করি না, শুধু বর্তমান নিয়ে ভাবি এবং বিশ্বকাপ উপভোগ করতে চাই।’
কিলিয়ান এমবাপ্পে এবারই প্রথম অধিনায়ক হিসেবে ফ্রান্স দলকে বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন। এই বাড়তি দায়িত্ব ও চাপ নিয়ে তিনি বলেন, ‘আমি জানি আমি কিসের প্রতিনিধিত্ব করছি এবং দেশের জন্য ইতিহাস গড়ার বিষয়ে আমি পুরোপুরি সচেতন। মাঝেমধ্যে চাপ আমাদের কাবু করতে চায়, তবে এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আমার আগে থেকেই আছে। প্রথম ম্যাচে জোড়া গোল পেয়েছি বলেই যে সব কাজ শেষ হয়ে গেছে, আমি এমনটা মোটেও ভাবছি না।’



















