সংবাদপত্রের শ্রেণী বিন্যাস ও সাংবাদিকদের গ্রেড-পদবী ও কাজ
- আপডেট সময় ০৩:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
সর্বশেষ ওয়েজ বোর্ড অনুসারে দৈনিক সংবাদপত্রের সাংবাদিকদের বেতন কাঠামো ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা রয়েছে। কোন পদবীর সাংবাদিক কোন স্কেলে বেতন, পত্রিকার শ্রেণী বিন্যাস, কোন গ্রেডে কি বেতন স্কেল, অন্যান্য আর্থিক ও আনুষঙ্গিক সুবিধাগুলো উল্লেখ করা হয়েছে।
সংবাদপত্রের শ্রেণী বিন্যাসকরণঃ
শ্রেণী ক : দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট রাজস্ব আয় (গ্রস রেভিনিউ) বার্ষিক চার কোটি টাকা ও তদূর্দ্ধ পরিমাণ অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ন্যূনতম বিশ হাজার এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে দশ হাজার হলে।
শ্রেণী খ : দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট রাজস্ব আয় বার্ষিক দুই কোটি টাকা কিন্তু চার কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে পনের হাজারের ঊর্ধ্বে কিন্তু বিশ হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে সাত হাজারের ঊর্ধ্বে কিন্তু দশ হাজারের নিচে হলে।
শ্রেণী গ : দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট রাজস্ব আয় বার্ষিক দুই কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে পনের হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে সাত হাজারের নিচে হলে। (বিঃদ্রঃ সংবাদপত্রে শ্রেণী বিভাগের ক্ষেত্রে সংবাদপত্র মালিকগণ তাদের নিজ নিজ পত্রিকার ঘোষণাপত্রে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক নিযুক্ত কর্মকর্তার তদন্ত রিপোর্টের ভিত্তিতে সংবাদপত্রের শ্রেণী ‘ক’, ‘খ’ ও ‘গ’ নির্ধারিত হবে।)
কর্মরত সাংবাদিকদের পদবী ও পদগুলো বিভিন্ন গ্রেডঃ
বিশেষ গ্রেড : সম্পাদক
গ্রেড-১ : ১. নির্বাহী সম্পাদক ২. যুগ্ম-সম্পাদক ৩. সহযোগী সম্পাদক ৪. বার্তা সম্পাদক ৫. উপ-সম্পাদক ৬.ব্যবস্থাপনা সম্পাদক ৭. সহকারী সম্পাদক ৮. ফিচার এডিটর ৯. বিশেষ সংবাদদাতা ও নগর সম্পাদক।
গ্রেড-২ : যুগ্ম-বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক, প্রধান সহ-সম্পাদক, সিনিয়র সহ-সম্পাদক, সিনিয়র প্রতিবেদক, সিনিয়র সংবাদদাতা, ব্যুরো প্রধান, প্রধান আলোকচিত্র সাংবাদিক, সিনিয়র আলোকচিত্র সাংবাদিক, সিনিয়র কার্টুনিস্ট, সিনিয়র আর্টিস্ট, ক্রীড়া সম্পাদক, বাণিজ্য সম্পাদক, মফঃস্বল সম্পাদক, সম্পাদকীয় সহকারী, রেফারেন্স এডিটর/ প্রধান সংবাদ গ্রন্থাগারিক, শিফ্ট-ইনচার্জ ও প্রধান সম্পাদনা সহকারী।
গ্রেড-৩ : সহ-সম্পাদক, নিজস্ব প্রতিবেদক, আলোকচিত্র সাংবাদিক, নিজস্ব সংবাদদাতা, ক্রীড়া প্রতিবেদক, আর্টিস্ট, কার্টুনিস্ট, সিনিয়র সম্পাদনা সহকারী ও সংবাদ গ্রন্থাগারিক।
গ্রেড-৪ : শিক্ষানবিস সহ-সম্পাদক, শিক্ষানবিস নিজস্ব প্রতিবেদক, শিক্ষানবিস নিজস্ব সংবাদদাতা ও সম্পাদনা সহকারী।
গ্রেড-৫ : শিক্ষানবিস সম্পাদনা সহকারী।
সংবাদপত্র সম্পর্কে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষত যারা সংবাদপত্রের বিভিন্ন পদবী ও এই পদবী রিলেটেড কাজ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য সর্বশেষ ওয়েজ বোর্ডে বর্ণিত সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের পদবী ও কাজ নিচে দেয়া হলো
সম্পাদকঃ সম্পাদক সংবাদপত্রের প্রধান কার্যনির্বাহী। সমগ্র প্রতিষ্ঠানটির সম্পূর্ণ দায়িত্ব তার হাতেই ন্যস্ত। তিনি পত্রিকাটির সম্পাদনা, নীতি নির্ধারণ, নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন করেন।
নির্বাহী সম্পাদকঃ প্রধান উপ-সম্পাদকীয় এবং বিশেষ নিবন্ধ লেখা ছাড়াও নির্বাহী সম্পাদক পত্রিকার সম্পাদকীয়, রিপোর্টিং, বার্তা, সম্পাদনা সহকারী বিভাগের কার্য পরিচালনা, পরিকল্পনা এবং সমন্বয় সাধন করবেন। এছাড়া সম্পাদক তাকে যখন যে কাজের দায়িত্ব দেবেন তিনি তা সম্পাদন করেন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ ব্যবস্থাপনা সম্পাদক সংবাদপত্র-এর সম্পাদককে তার ব্যবস্থাপনা ও সম্পাদকীয় কর্তব্য পালনে সহযোগিতা করে থাকেন।
উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/ উপ-সম্পাদক/যুগ্ম-সম্পাদক/সহযোগী সম্পাদক সাধারণতঃ সহযোগী সম্পাদক সম্পাদকের কাজে সহায়তা করেন এবং সম্পাদক কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করেন।
বার্তা সম্পাদকঃ বার্তা সম্পাদক বার্তা বিভাগের কাজের সমন্বয় সাধন ও তদারক করেন। তিনি পত্রিকার সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করে থাকেন।
সহকারী সম্পাদকঃ সহকারী সম্পাদক সাধারণতঃ কোন বিষয়ে মন্তব্য ও মতামত লেখার দায়িত্ব পালনে সম্পাদককে সাহায্য করে থাকেন। তিনি প্রধান উপ-সম্পাদকীয়, সম্পাদকীয় রচনা করেন এবং পর্যালোচনা ও সমালোচনামূলক নিবন্ধও লেখেন।
ফিচার এডিটরঃ ফিচার এডিটর একটি পত্রিকার ফিচার লেখা, সংগ্রহ ও তৈরি করার কাজে নিয়োজিত থাকেন। তিনি ঐ ধরনের প্রবন্ধ-নিবন্ধের সম্পাদনা ও সেগুলো দর্শনীয়ভাবে ছাপানোর কাজও করে থাকেন। তিনি কোন বিশেষ কলাম বা পৃষ্ঠার দায়িত্বেও থাকতে পারেন।
বিশেষ সংবাদদাতাঃ বিশেষ সংবাদদাতা একজন বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক হিসেবে সরকারি সদর দপ্তর বা বহির্বিশ্বের কোন স্টেশনের সংসদীয়, রাজনৈতিক ও সাধারণ গুরুত্বপূর্ণ সকল প্রকার সংবাদপত্র-এর প্রতিবেদন রচনা, তার ব্যাখ্যা ও বিশে−ষণ করেন। তিনি এ দায়িত্ব একাধিক কার্যস্থল বা যেকোন জায়গা থেকে, যেখানে তাকে দায়িত্ব দেয়া হবে, সম্পাদন করতে পারেন।
সিটি/নগর সম্পাদকঃ নগর সংক্রান্ত ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি শহরের সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।
যুগ্ম-বার্তা সম্পাদকঃ যুগ্ম-বার্তা সম্পাদক পত্রিকার বার্তা সম্পাদকের সাথে বার্তা বিভাগের কাজের সমন্বয় সাধন ও তদারক করে থাকেন এবং পত্রিকায় সংবাদ সংক্রান্ত সকল সংস্করণের পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করেন।
প্রধান প্রতিবেদকঃ প্রধান প্রতিবেদক একটি পত্রিকার প্রকাশনা কেন্দ্রে কর্মরত সকল নিজস্ব প্রতিবেদকদের পরিচালনার দায়িত্বে থেকে তিনি তাদের কাজের তদারক করেন। তিনি নিজে অধিক গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের কাজেও নিয়োজিত থাকেন।
প্রধান সহ-সম্পাদকঃ প্রধান সহ-সম্পাদক পত্রিকার কর্মরত সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের সমন্বয় সাধন করেন। তিনি সাধারণতঃ পত্রিকায় সংবাদ ছাপানোর জায়গার পরিমাণ ও প্রদর্শনের স্থান নির্ধারণ করেন।
শিফ্ট-ইন-চার্জঃ শিফট-ইন-চার্জ সাধারণতঃ বার্তা বিভাগের একটি শিফ্টের দায়িত্বে থাকেন। সহ-সম্পাদকদের মধ্যে কাজ বন্টন ও তার সুষ্ঠু সম্পাদনা নিশ্চিত করা ছাড়াও তিনি পত্রিকা প্রকাশের দায়িত্ব পালন করে থাকেন।
মফঃস্বল সম্পাদকঃ মফঃস্বল সম্পাদক মফঃস্বল ডেস্কের দায়িত্বে থাকেন। তিনি মফঃস্বল সংবাদদাতাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদ নির্বাচন করে তা সম্পাদনা করেন।
ক্রীড়া সম্পাদকঃ ক্রীড়া সম্পাদক ক্রীড়া বিষয়ক নিবন্ধের উপাদান সংগ্রহ, তা লেখা, তৈরি এবং সম্পাদনার দায়িত্বে থাকেন। তিনি পত্রিকার বিশেষ কলাম বা পৃষ্ঠার জন্য ফিচার লেখার দায়িত্বেও ন্যস্ত থাকেন।
সম্পাদকীয় সহকারীঃ সহকারী সম্পাদকদের মন্তব্য ও মতামত লেখায় সম্পাদকীয় সহকারী সাহায্য করে থাকেন। তিনি দায়িত্ব প্রাপ্ত হয়ে নিজেও মন্তব্য, সমালোচনামূলক লেখা চিঠিপত্র সম্পাদনা করে থাকেন।
সহ-সম্পাদকঃ সহ-সম্পাদক পত্রিকার জন্য কপি নির্বাচন করেন। তিনি সংবাদ শিরোনাম লিখেন। পত্রিকার স্থান সংকুলানের বিষয় বিবেচনায় রেখে সংবাদটি প্রয়োজনমত সম্পাদনা করেন এবং পত্রিকার রচনাশৈলী ও রীতিনীতির প্রতি দৃষ্টি রেখে তার দায়িত্ব পালন করেন। তিনি উপরোক্ত দায়িত্বের আংশিক বা সম্পূর্ণটাই পালন করতে পারেন।
নিজস্ব প্রতিবেদকঃ নিজস্ব প্রতিবেদক পত্রিকার প্রকাশনা কেন্দ্রে নিযুক্ত থেকে খবর সংগ্রহ, লেখা এবং তা উপস্থাপনার দায়িত্ব পালন করে থাকেন।
নিজস্ব সংবাদদাতাঃ নিজস্ব সংবাদদাতা সংবাদ সংগ্রহ করে তার, ডাক বা যে কোন মাধ্যমে সংবাদপত্র প্রকাশনা কেন্দ্রে প্রেরণ করে থাকেন।
ক্রীড়া প্রতিবেদকঃ ক্রীড়া প্রতিবেদক পত্রিকার জন্য ক্রীড়া বিষয়ক সংবাদ সংগ্রহ, লেখা ও তা উপস্থাপন করে থাকেন।
আলোকচিত্র সাংবাদিকঃ আলোকচিত্র সাংবাদিক পত্রিকার জন্য বিভিন্ন ঘটনা ও জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোকচিত্র তুলে তার দায়িত্ব পালন করে থাকেন।
কার্টুনিস্টঃ কার্টুনিস্ট পত্রিকার জন্য কার্টুন আঁকেন।
আর্টিস্টঃ আর্টিস্ট নক্শা, চিত্র, মানচিত্র, গ্রাফ এবং এই জাতীয় অন্যান্য সৃজনশীল চিত্রকর্ম প্রকাশনার জন্য প্রস্তুত করেন। তিনি এ ধরনের কাজ আংশিক বা সম্পূর্ণটাই সম্পাদন করতে পারেন।
রেফারেন্স প্রধান/ প্রধানঃ সংবাদপত্র/সংবাদ সংস্থায় বার্তা, প্রতিবেদন, সম্পাদকীয়, উপ- সংবাদ গ্রন্থাগারিক সম্পাদকীয়, ফিচার ইত্যাদি লেখার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সংরণ ও প্রয়োজনে তা সরবরাহের দায়িত্ব পালন করেন। রেফারেন্স প্রধান বা প্রধান সংবাদ গ্রন্থাগারিক বিভাগ/ সংবাদ গ্রন্থাগার বিভাগের সার্বিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অন্যান্য সংবাদ গ্রন্থাগারিকদের কাজের সমন্বয় সাধন করেন।
সংবাদ গ্রন্থাগারিকঃ তিনি রেফারেন্স প্রধান/ প্রধান সংবাদ গ্রন্থাগারিকের কাজে সহযোগিতা করাসহ তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করেন।
প্রধান সম্পাদনা সহকারীঃ তিনি পত্রিকার সম্পাদনা সহকারী বিভাগের প্রধান এবং সম্পাদনা সহকারীদের মধ্যে কাজ বন্টন ও তাদের কাজের তদারক করেন।
সম্পাদনা সহকারীঃ সম্পাদনা সহকারীগণ মুদ্রিত বিষয়বস্তু সম্পাদিত কপির সাথে সুক্ষভাবে মিলিয়ে দেখেন যাতে একটির সাথে অপরটির সম্পূণ মিল থাকে। তিনি তথ্যগত গরমিল, বানান, ব্যাকরণ ও বাক্যগঠনের ভুল ধরতে পারেন এবং তা তিনি নিজে সংশোধন করতে পারেন বা করিয়ে নিতে পারেন।
কর্মরত সাংবাদিকদের জন্য বেতনক্রম ক,খ ও গ শ্রেণীর জন্য বেতন স্কেল চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। প্রান্তিক সুযোগ-সুবিধা (ফ্রিঞ্জ বেনিফিট)
১. উৎসব ভাতা : সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল সাংবাদিক, প্রশাসনিক কর্মচারী এবং প্রেস শ্রমিকগণ বছরে দুইটি উৎসব ভাতা প্রাপ্য হবেন, প্রতিটি উৎসব ভাতার ক্ষেত্রে পূর্ববর্তী মাসে উত্তোলনকৃত এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদেয় হবে।
২. আয়কর (ইনকাম ট্যাক্স) : সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল কর্মরত সাংবাদিক, প্রেস শ্রমিক এবং প্রশাসনিক কর্মচারীগণের বেতনের ওপর আরোপিত আয়কর সংশি−ষ্ট সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্তৃপ কর্তৃক প্রদেয় হবে।
৩. ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) : সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল শ্রেণীর কর্মচারীগণ তাদের চাকুরির প্রথম এক বছর সমাপনের পর প্রতি মাসে তাদের মাসিক মূল বেতনের ন্যূনতম ৮% হইতে সর্বোচ্চ ১০% সমপরিমাণ ভবিষ্য তহবিলের জন্য প্রদান করবেন এবং নিয়োগকারী কর্তৃপ সমপরিমাণ অর্থ কনট্রিবিউট করবেন।
৪. ওভারটাইম ভাতাঃ নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজের জন্য ভাতা: (ক) প্রেস শ্রমিকগণ ব্যতীত সকল শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার সকল কর্মরত সাংবাদিক ও প্রশাসনিক কর্মচারীগণ প্রতি দিনের কাজের অতিরিক্ত দিবস ওভারটাইম করার জন্য মূল বেতনের দেড় দিনের ভাতা প্রাপ্য হবেন।
৫. বদলি ভাতা (ট্রান্সফার এ্যালাউন্স)
৬. আনুতোষিক (গ্রাচ্যুইটি)
৭. যাতায়াত ভাতা (কনভেয়ানস এ্যালাউন্স) : (ক) সকল শ্রেণীর সংবাদপত্রের সম্পাদকগণ অফিসে আসা-যাওয়া ও অফিসের অন্যান্য কাজে ব্যবহারের জন্য ফ্রি ট্রান্সপোর্ট-এর সুবিধা পাবেন অথবা বিকল্প হিসেবে ক, খ ও গ ক্যাটাগরির সংবাদপত্রের সম্পাদকগণ প্রতি মাসে যথাক্রমে সাত হাজার, চার হাজার ও তিন হাজার টাকা করে সাধারণ যাতায়াত ভাতা প্রাপ্য হবেন।
৮. বাড়ী ভাড়া ভাতা : (১) (ক) ঢাকা ও চট্টগ্রাম শহরের ‘ক’ ও ‘খ’ শ্রেণীর সংবাদপত্র ও সংবাদ সংস্থার বিশেষ গ্রেডভুক্ত সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক প্রতি মাসে যথাক্রমে বিশ হাজার ও আঠার হাজার টাকা বাড়ী ভাড়া ভাতা প্রাপ্য হবেন।
৯. গোষ্ঠী বীমা (গ্রুপ ইনসিওরেন্স)
১০. চিকিৎসা সুবিধা (মেডিক্যাল ফ্যাসিলিটিজ)
১১. নৈশ পরিবহন সুবিধা (নাইট ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিজ)
১২. আউটফিট ভাতা
১৩. দায়িত্ব ভাতা (চার্জ এ্যালাউন্স)
১৪. পত্র-পত্রিকার সুবিধা (ম্যাগাজিন ফ্যাসিলিটিজ)
১৫. আপ্যায়ন ভাতা
১৬. নৈমিত্তিক ছুটি (ক্যাজুয়াল লিভ)
১৭. অর্জিত ছুটি (আর্নড লিভ)
১৮. বিনোদন ছুটি (রিক্রিয়েশন লিভ)
১৯. চিকিৎসা ছূটি (মেডিক্যাল লিভ)
২০. প্রসূতি ছুটি (মেটারনিটি লিভ)
২১. পরবর্তী উচ্চতর গ্রেডের বেতনক্রমে উন্নীত হওয়ার সুবিধা।
তথ্য সূত্র: ডিএফপি




















