বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিরা সৌদি আরবের দাম্মাম হয়ে দেশে ফিরতে পারবেন
- আপডেট সময় ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশি নাগরিকরা সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট হয়ে দেশে ফিরতে পারবেন।
আটকে পড়া নাগরিকদের জন্য আগামী ২০ মার্চ গাল্ফ এয়ারের একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। রোববার (১৫ মার্চ) মানামার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
মানামা দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের সমন্বয়ে গাল্ফ এয়ারের মাধ্যমে (দাম্মাম টু ঢাকা) একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
এ বিশেষ ফ্লাইটে যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশি নাগরিকরা ফিরতে পারবেন। তবে ফিরতে আগ্রহী
প্রবাসী বাংলাদেশিকে অবশ্যই দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া গুগল লিংকে রেজিস্ট্রেশন করতে হবে। বিমানের আসন (সিট) প্রাপ্তি সম্পূর্ণ গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।
ভ্রমণের সম্ভাব্য তারিখ আগামী ২০ মার্চ বা নিকটবর্তী যে কোনো তারিখ।
প্রতি আসনের (সিট) ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার।
যাত্রীরা একটি ২৩ কেজির ব্যাগেজ এবং একটি হ্যান্ড ব্যাগ সঙ্গে নিতে পারবেন। বাহরাইন থেকে দাম্মাম (সৌদি আরব) পর্যন্ত বাসে যাতায়াত এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট ভিসা ওই ভাড়ার মধ্যে নির্ধারিত থাকবে। যাত্রীর টিকিট কনফার্ম হলে গাল্ফ এয়ার কর্তৃপক্ষ যাত্রীর সঙ্গে যোগাযোগ করবে।
আগ্রহী নাগরিকদের আগামীকাল ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
বিডি পলিটিক্স/বিইউ















