হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
- আপডেট সময় ১২:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় হাম-রুবেলা টিকাদান শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।
৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ বছরের কম বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে। বলা হয়, শিশুরা আগে টিকা নিয়েছে কি না, তা বিবেচনা না করেই সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
তবে বর্তমানে অসুস্থ বা জ্বরে আক্রান্ত শিশুদের টিকা দেওয়া হবে না; তারা সুস্থ হওয়ার পর টিকা পাবে। এছাড়া, হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।
উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলার মধ্যে রয়েছে—বরগুনা পৌরসভা ও সদর, পাবনা পৌরসভা ও সদর, চাঁদপুর পৌরসভা ও সদর, মহেশখালী, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, আটঘরিয়া, গোদাগাড়ী, মেহেন্দিগঞ্জ, পোরশা, শিবগঞ্জ, যশোর পৌরসভা ও সদর, নাটোর পৌরসভা ও সদর, ভোলাহাট, লৌহজং, রামু, হাইমচর, তারাকান্দা, মাদারীপুর পৌরসভা ও সদর, বাকেরগঞ্জ, নবাবগঞ্জ (ঢাকা), মুন্সিগঞ্জ পৌরসভা ও সদর, বেড়া, নলছিটি, জাজিরা ও শ্রীনগর।
গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ন্যাশনাল ইম্যুনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের (নাইট্যাগ) সুপারিশে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ ও শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিশু আগে টিকা পেয়ে থাকুক বা না থাকুক, পাঁচ বছরের কম বয়সী সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে।
প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০টি হটস্পটে কার্যক্রম শুরু হলেও মাঠপর্যায়ের প্রস্তুতির ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকারের লক্ষ্য আগামী ২১ মের মধ্যে সারা দেশে এ কার্যক্রম সম্পন্ন করা।
বিডি পলিটিক্স/বিইউ



















