সড়ক পরিবহনমন্ত্রী
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা
- আপডেট সময় ০৫:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ০ বার পড়া হয়েছে
বাসভাড়ার পর লঞ্চের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
তবে সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে ট্রেনের ভাড়া বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মন্ত্রী।
রেল মন্ত্রণালয় থেকে এবার ভাড়া বাড়ানোর খুব চাপ আছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, রেলে ভাড়া না বাড়ালে এই খাতে লোকসান আরো বাড়বে। তবু এখনো রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিইনি। বলেছি, ভাড়া না বাড়িয়ে যা আছে তা যাতে রাখা যায়। ফলে আপাতত আগের ভাড়া থাকছে।
তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করছি রেলের ভাড়া না বাড়ানোর। একান্তই যদি ভাড়া বাড়ে, সেটি যৌক্তিক বাড়বে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিইনি।
লঞ্চের ভাড়া বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সব কিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।
এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএনজির দাম বাড়েনি। কাজেই সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কারো বাড়তি ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




















