অবরোধ না তুললে বন্ধই থাকবে হরমুজ প্রণালী: ইরান
- আপডেট সময় ১০:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত প্রণালীটি পুরোপুরি চালু করা হবে না বলে জানিয়েছে তেহরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে বলেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ চলছে। তবে হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চাপ দেওয়ার চেষ্টা না করতে তেহরানকে সতর্ক করেন তিনি।
শুক্রবার ইরান সাময়িকভাবে প্রণালীটি খুলে দিলে কিছু তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল শুরু করে। এতে বৈশ্বিক বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।
তবে পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা এবং যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল রাখার ঘোষণার পর আবারও প্রণালীতে চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেয় তেহরান।
ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবরোধ প্রত্যাহার না হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হবে। অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা শত্রুপক্ষের সহযোগিতা হিসেবে বিবেচিত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ইরানের খাতাম আল-আনবিয়া সামরিক সদর দপ্তরও জানিয়েছে, যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইরানি জাহাজের পূর্ণ স্বাধীন চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা তুলে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালীর পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে এবং অপরিবর্তিত থাকবে।
এদিকে, মিশর ও পাকিস্তান কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেছে। তবে ইউরেনিয়াম ইস্যুসহ বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত।
সূত্র: সিএনএন
বিডি পলিটিক্স২৪.কম




















