৭০% ছাড়েও শপিং মলগুলোতে ক্রেতার খরা
- আপডেট সময় ০১:৫৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
রাজধানীর শপিং মলগুলোতে পোশাক, জুতা, প্রসাধনীসহ বিভিন্ন পণ্যে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে রয়েছে নানা অফারও।
কিন্তু এত ছাড়ের পরও বিপণিবিতানগুলোতে নেই প্রত্যাশিত ক্রেতার ভিড়, বিক্রিও বাড়ছে না। ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য, সংসারের বাড়তি ব্যয় ও আয়-ব্যয়ের অসামঞ্জস্যে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। ফলে প্রয়োজনের বাইরে কেনাকাটা কমিয়ে দিয়েছেন ক্রেতারা, যার প্রভাব পড়েছে শপিং মলগুলোর ব্যবসায়।
সম্প্রতি সবচেয়ে বড় বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্কসহ রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে ঘুরে দেখা গেছে, অনেক দোকানে বিক্রেতারা ক্রেতার অপেক্ষায় অলস সময় পার করছেন।
কোথাও দু-একজন ক্রেতা পণ্য দেখছেন, দরদাম করছেন, কিন্তু কেনাকাটা করছেন কম।
এখানকার ব্যবসায়ীরা জানান, ছাড়ের পরিমাণ বাড়িয়েও বিক্রি বাড়ানো যাচ্ছে না। এর প্রধান কারণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম, সংসারের ব্যয়, আয়-ব্যয়ের অসামঞ্জস্য এবং রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে মানুষ এখন প্রয়োজনের বাইরে কেনাকাটা কমিয়ে দিয়েছেন।
আগে উৎসব বা মৌসুমি ছাড়ের ঘোষণা দিলে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ত। এখন বড় ছাড়ের বিজ্ঞাপন দিয়েও সেই সাড়া পাওয়া যাচ্ছে না।
প্রায় প্রতিটি দোকানেই কোনো না কোনো ধরনের মূল্যছাড় চলছে। দোকানের সামনে বড় ব্যানার ও পোস্টারে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। পোশাকের দোকানে শার্ট, প্যান্ট, থ্রি-পিস, শাড়ি ও অন্যান্য পণ্যে ছাড় দেওয়া হচ্ছে।
জুতা ও প্রসাধনীর দোকানেও রয়েছে বিশেষ অফার।
কোনো দোকানে নির্দিষ্ট পণ্য কিনলে অন্য পণ্যে ছাড়, কোথাও একটি কিনলে আরেকটি বিনা মূল্যে দেওয়ার ঘোষণা রয়েছে। কিছু দোকানে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় বাড়তি সুবিধাও দেওয়া হচ্ছে। তবে এসব অফারের সঙ্গে ক্রেতাদের উপস্থিতির তেমন মিল নেই।
বিপণিবিতানের বিভিন্ন তলায় ঘুরে দেখা যায়, অনেক দোকানে বিক্রেতারা বসে আছেন। ক্রেতা প্রবেশ করলে পণ্যের দাম ও ছাড়ের পরিমাণ জানাচ্ছেন। কেউ কেউ পণ্য হাতে নিয়ে দেখছেন, কিন্তু শেষ পর্যন্ত না কিনেই চলে যাচ্ছেন। আবার কোনো কোনো দোকানে দীর্ঘ সময়েও ক্রেতার দেখা যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, ছাড়ের ঘোষণা দেওয়ার পরও বিক্রির পরিমাণ বাড়ছে না। অনেক ক্রেতা দাম জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন। কেউ পছন্দের পণ্য দেখেও কেনার সিদ্ধান্ত নিচ্ছেন না। ফলে দোকানের দৈনন্দিন খরচ মেটানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তারা।
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এপেক্স শোরুম ম্যানেজার হায়দার আলি বলেন, আমাদের শোরুমে এর আগেও ছাড় দিয়েছি কিন্তু এর আগে যে পরিমাণ ক্রেতা আসত, এবার তার অর্ধেকও নেই। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা আরো খারাপ অবস্থায় যাবে।
বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মানুষের কেনাকাটার আগ্রহ কমে যাওয়ার পেছনে বড় কারণ সংসারের ব্যয় বৃদ্ধি। চাল, ডাল, তেল, সবজি থেকে শুরু করে প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতেই আয়ের বড় অংশ চলে যাচ্ছে। বাড়িভাড়া, বিদ্যুৎ বিল, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতের খরচ মেটানোর পর পোশাক কিংবা অন্যান্য পণ্য কেনার মতো বাড়তি অর্থ অনেকের হাতে থাকছে না।
















