কাতারে নিহত ৫ প্রবাসী কানাইঘাটে চিরশায়িত
- আপডেট সময় ০৫:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সরকারি তত্ত্বাবধানে লাশ দেশে আনার পর তাদের জন্মমাটিতে দাফন করা হলো।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টায় উপজেলার আকুনি মাদ্রাসা মাঠে একসঙ্গে জানাজার নামাজ শেষে নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।
মারা যাওয়া ৫ রেমিট্যান্সযোদ্ধাকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে এসে জানাজায় অংশ নেন।
একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত প্রবাসীরা হলেন, উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জিবাল আহমদ (৩৫), মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩৪), আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ (২৭), একই গ্রামের মড়া মিয়ার ছেলে জুবের আহমদ (২৮) এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (৩৩)।
নিহতদের মধ্যে জিবাল আহমদ বিবাহিত। অপর চারজন অবিবাহিত বলে জানা গেছে।
জিবাল আহমদের তিন কন্যা ও দুই পুত্রসন্তান রয়েছে, যারা বয়সে এখনো কিশোর এবং কর্ম-অনুপযোগী। এ ছাড়া বাকি চারজনই অবিবাহিত।
এর আগে মঙ্গলবার (৩০ জুন) সকাল ৭টার দিকে পাঁচ রেমিট্যান্সযোদ্ধার লাশ কফিনবন্দি হয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুফতি আবুল হাসান ও মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম। লাশ গ্রহণ করতে গিয়ে সেখানে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা।
বেলা সাড়ে ১১টার দিকে ৫টি অ্যাম্বুলেন্সে করে লাশগুলো তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। লাশগুলো বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আর্তনাদে বাতাস ভারী হয়ে এলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
রোববার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজন সিলেটের বাসিন্দা।

















