নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’: রিজভী
- আপডেট সময় ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘পতিত দোসররা’ নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এসব বিষয়ে দেশের সব স্তরের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। বর্তমান প্রধানমন্ত্রী দেশে কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবেন না।
সম্প্রতি পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসীর পালিয়ে যাওয়ার ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে রিজভী প্রশ্ন রাখেন, পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে? এ ঘটনায় যারা জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
এদিকে ডেঙ্গু মোকাবিলায় দেশের সব নাগরিককে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। এতে ডেঙ্গুর জীবাণুবাহী মশার প্রজনন ঠেকানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, আগে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হতো। জনগণের সুবিধার্থে বর্তমান সরকার এখন এ পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে।





















