নিষিদ্ধ দলের কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না: ডিবিপ্রধান
- আপডেট সময় ০৫:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
ডিসেম্বর ঘিরে সম্ভাব্য যে কোনো অপতৎপরতা ঠেকাতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। একই সঙ্গে আইন দ্বারা নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডিবিপ্রধান বলেন, আইনবিরোধী রাজনৈতিক দলকে কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেওয়া হবে না।
দেশের জনগণ, বিশেষ করে ঢাকা মহানগর এলাকায় বসবাসকারীদের জানমালের নিরাপত্তা বিধান করা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। এই দায়িত্ব পালনে তারা সচেষ্ট ও সজাগ রয়েছেন।
যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ নিয়ে নিষিদ্ধ দলের কোনো কর্মসূচি বা নাশকতার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তৎপরতা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আইন দ্বারা যেসব কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, সেসব কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যাদেরকে আইন দ্বারা বারিত ও নিষিদ্ধ করা হয়েছে, তাদের কোনো নিষিদ্ধ কর্মকাণ্ড দেশে চালাতে দেওয়া হবে না। এ ব্যাপারে ডিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিষিদ্ধ দলের কর্মকাণ্ড ঠেকাতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে গ্রেপ্তার অভিযানও চলমান থাকবে।





















