পরীক্ষা-জিপিএনির্ভর শিক্ষায় ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় ০৫:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
শুধু পরীক্ষা ও জিপিএনির্ভর শিক্ষা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি। আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
যেখানে শিক্ষার্থীরা প্রজেক্টভিত্তিক ও হাতে-কলমে শেখার সুযোগ পাবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘চায়না-বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারা বছর শুধু ক্লাস করে শেষে পরীক্ষা দেওয়াই প্রকৃত শিক্ষা নয়।
প্রতিদিনের ক্লাসে শিক্ষার্থীদের শেখানো ও মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে। এজন্য শিক্ষকদের প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষ করে চীনের সঙ্গে যৌথভাবে টিচার্স ট্রেনিং ও টেকনিক্যাল শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন কারিকুলাম, সিলেবাস ও একাডেমিক ক্যালেন্ডার তৈরির কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশে অনেক স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকলেও মানসম্মত শিক্ষার অভাব রয়েছে। তাই কোয়ালিটি এডুকেশনের ওপর জোর দেওয়া হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে থার্ড ল্যাঙ্গুয়েজ শেখাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে চাইনিজ ভাষা শিক্ষার জন্য বিভিন্ন সমঝোতা চুক্তি করা হয়েছে। বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী চীনে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে।
শেষে শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে তোমরাই দেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের দক্ষ, যোগ্য ও আধুনিক বিশ্বের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম বদরুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল।




















