পাকিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলে থাকবে নাকি ইতিহাসে: ভারতীয় সেনাপ্রধান
- আপডেট সময় ০৫:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা হিসেবে অভিযুক্ত করে কঠোর হুংকার ছেড়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Upendra Dwivedi)। তিনি বলেছেন, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া অব্যাহত রাখে এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তাহলে দেশটিকে ঠিক করতে হবে তারা ‘ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে”।
শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারঅ্যাকটিভ সেশনে তিনি জেনারেল দ্বিবেদী এ কথা বলেন।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’র মতো পরিস্থিতি আবার তৈরি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।
জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, “আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে অপারেশন চালানো অব্যাহত রাখে, তাহলে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ থাকবে, নাকি ইতিহাসে পরিণত হবে।”
ভারতের ‘অপারেশন সিঁদুর’র প্রথম বার্ষিকী পালনের কয়েকদিন পর সেনাপ্রধান দ্বিবেদীর এই মন্তব্য এলো।
ভারতের দাবি অনুযায়ী, ২০২৫ সালের ৭ মে ভোরে পাহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের (পিওকে) একাধিক সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ভারতীয় বাহিনী। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।
এরপর পাকিস্তানও পাল্টা সামরিক অভিযান শুরু করে বলে ভারত দাবি করে। জবাবে ভারতের পাল্টা অভিযানের ধারাবাহিকতাও ‘অপারেশন সিঁদুর’র অধীনেই পরিচালিত হয়।
দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী চলা এই সামরিক উত্তেজনা ১০ মে সন্ধ্যায় উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে থামে।




















