ব্রাজিলের বিদায়ে স্টেডিয়াম থেকেই মেহজাবীনের উল্লাস
- আপডেট সময় ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২ বার পড়া হয়েছে
শেষ ষোলো থেকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিদায় নেওয়ায় যখন হতাশায় ডুবে কোটি কোটি সমর্থক, ঠিক তখনই উচ্ছ্বাসে মেতে ওঠেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই তিনি সরাসরি উপভোগ করেন ব্রাজিল-নরওয়ে ম্যাচ।
শেষ বাঁশি বাজার পর সামাজিকমাধ্যমে প্রকাশ করেন নিজের উচ্ছ্বাস। ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল।
তবে খেলা শুরুর আগেই সামাজিকমাধ্যমে ব্রাজিলকে উদ্দেশ্য করে একাধিক মজার পোস্ট করেন মেহজাবীন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গ্যালারি থেকে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম।
আমি কিন্তু আর্জেন্টিনা। স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় অভিনেত্রীকে।
তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও। ম্যাচ চলাকালে ভক্তদের সঙ্গে মজার ছলে আরেকটি পোস্টে তিনি লেখেন, তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট, মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের হাস্যরসপূর্ণ প্রতিক্রিয়া।
ম্যাচ শেষ হওয়ার পর নিজের উচ্ছ্বাস আর লুকিয়ে রাখেননি মেহজাবীন। দুই হাত উঁচিয়ে উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওটির পেছনে স্টেডিয়ামের বিশাল স্ক্রিনে ভেসে উঠছিল নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
মেহজাবীনের এসব পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আর্জেন্টিনা সমর্থকদের অনেকেই তার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অন্যদিকে, ব্রাজিল সমর্থকদের কেউ কেউ তার পোস্টের সমালোচনাও করেন।
প্রসঙ্গত, ২-১ গোলের এই জয়ে ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।



















