ব্রাজিলের পরাজয়ে তরুণের ‘আত্মহত্যা’, যা বললেন অপূর্ব
- আপডেট সময় ০৫:২৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপের নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রিয় দলের এই পরাজয় মেনে নিতে না পেরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এক তরুণ আত্যহত্মা করেছেন।
ঘটনাটি ঘিরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, ব্রাজিলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন (২১) ওই এলাকার হোসেন মিস্ত্রির ছেলে।
তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। ঘটনাটি জানার পর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নিজেও একজন ব্রাজিল সমর্থক হওয়ায় বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খেলাকে শুধুই বিনোদন হিসেবে দেখার আহ্বান জানান অপূর্ব। তার কথায়, ব্রাজিলের পরাজয়ের পর কুষ্টিয়ার এক তরুণের মৃত্যুর খবর তাকে ভীষণ কষ্ট দিয়েছে।
তিনি লেখেন, খেলায় জয়-পরাজয় থাকবেই। প্রিয় দল জিতলে আনন্দ লাগবে, হারলে খারাপ লাগবে- এটাই স্বাভাবিক। তবে কোনোভাবেই খেলাকে জীবনের চেয়ে বড় করে দেখা উচিত নয়। কারণ দিনশেষে ফুটবল একটি খেলা, আর মানুষের জীবনই সবচেয়ে মূল্যবান।
ওই পোস্টে অপূর্ব আরো লেখেন, ট্রল বা মজার মন্তব্য খেলাধুলার অংশ হলেও সেটি যেন কখনো অপমান বা মানসিক নির্যাতনে পরিণত না হয়।
তার ভাষায়, কারও কাছে একটি মন্তব্য হাস্যরসের বিষয় হতে পারে, কিন্তু অন্য কারও জন্য সেটি গভীর মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সামাজিকমাধ্যমে কিংবা বাস্তব জীবনে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে এই অভিনেতা স্মরণ করিয়ে দেন, একটি দল আজ হারলেও ভবিষ্যতে আবার জিততে পারে, ট্রফিও জিততে পারে। কিন্তু একটি জীবন একবার হারিয়ে গেলে তা আর কখনো ফিরে আসে না। তাই খেলার আবেগ যেন কখনো মানুষের জীবন, পরিবার ও ভবিষ্যতের চেয়ে বড় হয়ে না ওঠে- এমন সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।



















