‘সৌদির বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী’
- আপডেট সময় ০৮:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ২৪৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বলেছেন, সৌদি আরবের বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ক্রমান্বয়ে বাড়ছে।
রোববার (২১ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন আরও জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে মন্তব্য করেন। এ সময় বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, সৌদি আরব জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য বাংলাদেশের। প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে পারস্পরিক সফর বিনিময়ের ওপর জোর দিতে আহ্বান জানান।
তিনি বলেন, কুয়েতের পরে বাংলাদেশ দ্বিতীয় দেশ যেখানে মোবাইল ওমরাহ ভিসা কার্যকর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।



















