চোটে ভেঙে পড়া লিসান্দ্রো মেসিকে দেখেই চালিয়ে গেছেন লড়াই
- আপডেট সময় ০৪:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
ফুটবল থেকে অবসরের কথাও ভেবেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। গত বছর এসিএল চোটে পড়ার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার, আর কষ্ট সহ্য করতে চাইছিলেন না তিনি।
তবে মেয়ের জন্ম, স্ত্রীর ত্যাগ আর লিওনেল মেসির লড়াই তাকে নতুন করে পথ দেখিয়েছে। নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে লিসান্দ্রো বলেন, ‘গত বছর এসিএল চোটে পড়ার পর আমি ফুটবল থেকে অবসরের কথাও ভেবেছিলাম।’
আগেও পায়ের চোটে ভুগেছেন লিসান্দ্রো। পঞ্চম মেটাটারসাল হাড় ভাঙার অভিজ্ঞতাও ছিল তার।
তবে এসিএল চোটকে সবচেয়ে কঠিন বলে মনে করেন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। তিনি বলেন, ‘আমি আর কষ্ট পেতে চাইছিলাম না।
কারণ এর আগেও পায়ের অন্য চোটের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। পঞ্চম মেটাটারসাল ভেঙেছিল। তবে সত্যি বলতে, এই চোটটাই ছিল সবচেয়ে কঠিন।’
চোটের ধাক্কায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লিসান্দ্রো। তবে জীবনের সবচেয়ে কঠিন সময়ে তার সামনে আসে নতুন আলো। মেয়ের জন্ম তাকে বদলে দেয়। স্ত্রীর সংগ্রাম ও সন্তানের আগমন তাকে নতুনভাবে ভাবতে শেখায়। লিসান্দ্রো বলেন, ‘আমি খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু এরপর আমার মেয়ের জন্ম হয়, আর সেটি সবকিছু ভারসাম্যে ফিরিয়ে আনে। আমি দেখেছি আমার স্ত্রী কীভাবে সন্তান জন্ম দিয়েছে, কী অসাধারণ পরিশ্রম করেছে।’
সেই মুহূর্তেই নিজেকে নতুন করে প্রশ্ন করেছিলেন লিসান্দ্রো, ‘আমি নিজেকে বলেছিলাম, কীভাবে আমি লড়াই চালিয়ে যাব না?’
চোটের সময়ের কথা মনে পড়লে এখনও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। লিসান্দ্রোর ভাষায়, ‘চোটের কারণে যা কিছুর মধ্যে দিয়ে গেছি, সেসব ভাবলে এখনও কাঁদতে ইচ্ছে করে। আমার মেয়ে, আমার স্ত্রী..তারা সবকিছু বদলে দিয়েছে। আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়।’
এই লড়াইয়ে লিসান্দ্রোর আরেক বড় অনুপ্রেরণা ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। দেশের জার্সির জন্য মেসির নিবেদন তাকে মানসিক শক্তি দিয়েছে বলে জানান তিনি। লিসান্দ্রো বলেন, ‘আমি সবসময় মেসিকে, আমাদের অধিনায়ককে উদাহরণ হিসেবে ব্যবহার করি। তিনি এই জার্সির জন্য লড়াই করেছেন। আমি যখন চোটে পড়ি, তখন লড়াই থামিয়ে না দেওয়ার জন্য আমি তাকেই ভাবতাম।’
৩৯ বছর বয়সেও মেসির লড়াই চালিয়ে যাওয়া লিসান্দ্রোকে মুগ্ধ করে। তার মতে, সবকিছু জেতার পরও মেসির মধ্যে যে নিবেদন, সেটিই বাকিদের জন্য অনুপ্রেরণা। তিনি বলেন, ‘লিও ৩৯ বছর বয়সেও লড়ছে, সংগ্রাম করছে। সে সবকিছু জিতেছে, তার আর কিছু প্রমাণ করার নেই।’
মেসিকে শুধু ফুটবল নয়, সব খেলাধুলার ইতিহাসের সেরা হিসেবেও আখ্যা দেন লিসান্দ্রো। তিনি বলেন, ‘সে ইতিহাসের সেরা খেলোয়াড়; শুধু ফুটবলে নয়, সব খেলাধুলাতেই। এটা অবিশ্বাস্য। আমাদের মতো যারা তার সঙ্গে আছি, আমরা কীভাবে লড়াই চালিয়ে যাব না, যখন সর্বকালের সেরা খেলোয়াড় এমন আবেগ নিয়ে এখনও লড়াই করে?’
শেষে লিসান্দ্রো বলেন, ‘আমাদের তার পথই অনুসরণ করতে হবে, ঠিক একইভাবে।’
















