মা ফাউন্ডেশনে ব্যাক টু স্কুল প্রোগ্রাম
নিউইয়র্কে ৫ শতাধিক শিক্ষার্থী পেল ব্যাগ ও স্কুলসামগ্রী
- আপডেট সময় ০২:২৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ০ বার পড়া হয়েছে
নিউইয়র্ক : ফাস্ট এইড হোমকেয়ারের শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রতিষ্ঠানের কর্ণধার ড. গিসি প্যাট ও ড. শাহজাদী পারভীন।
সামার ছুটি শেষে নতুন শিক্ষাবর্ষে স্কুল খোলাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করেছে নিউইয়র্কে অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘মা ফাউন্ডেশন ইউএসএ’। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্ল্যাজায় গত ২১ আগস্ট এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতিতে সহায়তা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহে পরিবারগুলোর ওপর আর্থিক চাপ কিছুটা কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এ কর্মসূচিতে সহযোগিতায় ছিল নিউইয়র্কের স্বনামধন্য হোমকেয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফার্স্ট এইড হোমকেয়ার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে প্রায় ৫শ স্কুল সামগ্রী তুলে দেন মা ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট ড. জিসি প্যাট এবং ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ।
শিক্ষার্থীদের জন্য বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল- স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিলসহ ১০ পদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফেরার সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করতেই এ উদ্যোগ নেয় ফাউন্ডেশনটি।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর মধ্যে ফার্স্ট এইড হোমকেয়ার এবং ‘মা ফাউন্ডেশনের’ এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে শিশু-কিশোরদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহায়ক বলে মনে করেন উপকারভোগী পরিবারগুলো।
মা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. জিসি প্যাট বলেন, স্কুলে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে কমিউনিটির শিশুদের পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
ভাইস প্রেসিডেন্ট শাহজাদী পারভিন সারাহ বলেন, আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরণের সামাজিক কাজ করার চেস্টা করছি। প্রতিষ্ঠার পর থেকে প্রতিমাসেই এটির কার্যক্রম অব্যাহত আছে। তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবী কাজকে এগিয়ে নিতে যে কেউ মা ফাউন্ডেশনে ডোনেশন করতে পারেন।
এ কর্মসূচিতে জ্যাকসন হাইটস ও আশপাশের এলাকার শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। কুইন্স, ব্রুকলিন ছাড়াও বাফেলোতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ, খাতা, কলম-পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ফ্রি আইসক্রিমও বিতরণ করা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।
নতুন শিক্ষাবর্ষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের স্কুলজীবনের নতুন যাত্রাকে আরও আনন্দময় ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এই আয়োজন বলে জানান মা ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্টরা।



















