নিজ বাসায় মিললো ঢাবি শিক্ষার্থীর লাশ, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম
- আপডেট সময় ০৫:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর বাড্ডায় তার নিজ বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো। তার বাসা থেকে একটি নোট এবং মোবাইল ফোন থেকে কিছু কথোপকথন পাওয়া গেছে।
যেখানে তিনি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর নাম উল্লেখ করেছেন। এছাড়াও তার এক সহপাঠীর নাম উল্লেখ করেছেন।
এ ঘটনায় শিক্ষক এবং সহপাঠীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা বাংলানিউজকে বলেন, আমরা খবর পেয়ে সকালে বাড্ডায় যাই।
সেখানে আমাদের সঙ্গেই অন্যান্য শিক্ষকদের মধ্যে সুদীপ চক্রবর্তী ছিলেন। পরে পুলিশ তাকে সেখান থেকেই হেফাজতে নিয়েছে। তারা মোবাইলে কিছু বিষয় পেয়েছেন। এছাড়া তার একটি নোট পেয়েছেন। তবে আমাদের পুলিশ সেভাবে কিছু জানায়নি।
তিনি বলেন, তামান্না খুবই চঞ্চল ও মেধাবী। সে অন্যদের উৎসাহ দিতো। সে এ ধরনের কিছু করবে, তা আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের শিক্ষকদের মধ্যে বলার কোনো ভাষা নেই। পুলিশ বলেছে, এ বিষয়ে একটি মামলা হবে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার চাই।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাসীরুল আমিন বলেন, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুটে কয়েক লাইনের পাশাপাশি এরকম একটি লাইন ছিল মনে হচ্ছে যে- শিক্ষক সুদীপ চক্রবর্তী ও আরেকজন ভালো থাকুক। পরবর্তীতে ওই শিক্ষার্থীর বাবা মোবাইল ঘাটাঘাটি করে শিক্ষকের সঙ্গে তার মেয়ের কথাবার্তার প্রমাণ পেয়েছেন এবং মধ্যরাতেও তাদের কথা হতো। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মামলা করেছেন, সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শিক্ষক সুদীপ চক্রবর্তীকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় সুধীর চক্রবর্তী নামে এক শিক্ষককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। তবে এ ঘটনায় একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সব বিষয় নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি পলিটিক্স ২৪ ডটকম




















