যুদ্ধবিরতি
যে শর্তে পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে চায় ইরান
- আপডেট সময় ০৫:৪৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় যেতে প্রস্তুত, তবে এর বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে বাস্তব পদক্ষেপ প্রত্যাশা করছে তেহরান। বার্তা সংস্থা আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফোয়াদ ইজাদি।
তিনি বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ইরান ইতিমধ্যেই বড় ধরনের ছাড় দিয়েছিল। সে সময় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩ দশমিক ৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখা হয়েছিল, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব নয়। পাশাপাশি আন্তর্জাতিক পারমাণু সংস্থার (আইএইএ) বিস্তৃত পরিদর্শনের ব্যবস্থাও চালু করা হয়েছিল।
তিনি বলেন, ‘পারমাণবিক ইস্যু আলোচনার জন্য উন্মুক্ত।এ ক্ষেত্রে ইরান ছাড় দিতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদি মূল উদ্বেগ হয় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তাহলে তার সমাধানের কাঠামো আগেই তৈরি হয়েছে।’
তবে তেহরানের পক্ষ থেকে একটি স্পষ্ট শর্তও তুলে ধরা হয়েছে। ইরান বলছে, পারমাণবিক কর্মসূচিতে যেকোনো ছাড়ের বিনিময়ে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করতে হবে।
ইজাদি জোর দিয়ে বলেন, ‘এটাই তেহরানের প্রত্যাশা। ইরানের কাছে এগুলো কোনো গৌণ বিষয় নয়, বরং যেকোনো চুক্তির কেন্দ্রীয় অংশ।’




















