ঝলসে যাওয়া শরীরে বাঁচার আকুতি ইব্রাহিমের
- আপডেট সময় ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
বৃদ্ধ মা-বাবার মুখে হাসি ফোটানো, পরিবারের অভাব-অনটন দূর করা আর স্বপ্নের একটি ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়েই সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামের যুবক ইব্রাহিম। জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনা মুহূর্তেই ওলট-পালট করে দিয়েছে তার জীবন।
ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক কন্ট্রোল বোর্ড বিস্ফোরিত হয়। বিকট শব্দের সঙ্গে আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় তার মুখমণ্ডল ও দুই হাতের অনেকাংশ।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও তার উন্নত চিকিৎসা ও পরবর্তী পুনর্বাসনের জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করার সামর্থ্য নেই তার পরিবারের।
স্বজনরা জানান, পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ধারদেনা করে বিদেশে গিয়েছিলেন ইব্রাহিম। তার উপার্জনের টাকায় পরিবারের স্বপ্ন পূরণের কথা ছিল।
কিন্তু আজ সেই পরিবারই প্রিয় মানুষটির জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে সহযোগিতার আবেদন জানাতে বাধ্য হচ্ছে।
হাসপাতালের বিছানায় অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন পার করছেন ইব্রাহিম। কথা বলতে কষ্ট হলেও তার একটাই আকুতি-“আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে চাই।”
পরিবার জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি। কিন্তু প্রতিদিনই বাড়ছে চিকিৎসা ব্যয়। অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং হৃদয়বান মানুষের প্রতি ইব্রাহিমের পরিবারের আবেদন-যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়ে পাশে দাঁড়ান। আপনার সামান্য সহযোগিতাও ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি, বাঁচিয়ে দিতে পারে একটি তাজা প্রাণ।
শুধু আর্থিক সহায়তাই নয়, ইব্রাহিমের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তার পরিবার ও স্বজনরা।
সহযোগিতার জন্য—
বিকাশ (পেমেন্ট): ০১৩৩০-৬৬১২৯২
নগদ (পেমেন্ট): ০১৭৯৪৮৯৯৬২৫
যোগাযোগ: ০১৩২২০০৬৫৮২ (ইব্রাহিম)
মানুষ মানুষের জন্য। ইব্রাহিমের এই কঠিন সময়ে আপনার একটি সহানুভূতির হাত, একটি সহযোগিতা কিংবা এই আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দেওয়াও হতে পারে তার নতুন জীবনের সূচনা।

















