শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা।
মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক
- আপডেট সময় ০৪:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / ২১০ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শোক পালনের অংশ হিসেবে মঙ্গলবার দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। হতাহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর একটি ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমান সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিমানটি ওই স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের গেইটে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
ফায়ার সার্ভিস কর্মীরা সেখান থেকে একজনের লাশ উদ্ধার করেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটেই অর্ধশতাধিক দগ্ধকে নেওয়া হয়। এছাড়া আরো অনেককে উত্তার বিভিন্ন হাসপাতলে নেওয়া হয়। বার্ন ইন্সটিটিউটে নেওয়ার পর দগ্ধ আরো একজনের মৃত্যু হয়।
নিঝুম আহমেদ – জ্যেষ্ঠ প্রতিবেদক : বিডিপলিটিক্স টোয়েন্টিফোর ডটকম



















