‘শিরোপা এখন ফিলিস্তিনিদের বন্ধুদের হাতে’, স্পেনকে অভিনন্দন ইরানের
- আপডেট সময় ০৬:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ স্প্যানিশ ফুটবল প্রধানকে পাঠানো এক বার্তায় ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য স্পেন দলকে অভিনন্দন জানিয়েছেন। এই বার্তায় তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই শিরোপা এমন একটি জাতির হাতে উঠেছে যারা জায়নবাদী (ইসরায়েলি) অপরাধের বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়েছে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান রাফায়েল লুজানকে লেখা এক চিঠিতে তাজ জায়নবাদী শাসনের দখলদারিত্ব ও অপরাধের বিরোধিতায় স্পেনের জনগণ ও সরকারের সাহসী এবং অঙ্গীকারবদ্ধ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য তাদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘স্পেনের এই জয় একটি জাতির ইচ্ছা, যোগ্যতা, সংহতি এবং সহনশীলতার এক চমৎকার প্রতিফলন; যারা ফুটবলের শৈল্পিক সৌন্দর্যের সাথে সাহস এবং বীরত্বের চেতনাকে মিশিয়ে দিতে সক্ষম হয়েছে।’
মেহেদি তাজ তার বার্তায় আরও উল্লেখ করেন, ‘স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সারা বিশ্ব মেতে উঠেছে শুধু তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নয়। বরং এই ট্রফি এমন একটি দেশের হাতে গিয়েছে যারা সমসাময়িক বিশ্বের অন্যতম কঠিন এক নৈতিক পরীক্ষায় অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকেনি এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে সাহসের সাথে কণ্ঠ তুলেছে।’
তাজ বলেন, ‘স্পেন এমন এক সময়ে বিশ্ব ফুটবলের শীর্ষে অবস্থান করছে যখন জায়নবাদী শাসনের অপরাধ ও দখলদারিত্বের বিরুদ্ধে দেশটির সরকার ও জনগণের স্পষ্ট এবং মানবিক অবস্থান বিশ্বের মুক্তিকামী মানুষের অকুন্ঠ শ্রদ্ধা অর্জন করেছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘নিঃসন্দেহে ফুটবল তখনই তার সর্বোচ্চ মর্যাদায় পৌঁছায় যখন মানুষের প্রতিভা এবং সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এটি বিশ্বের বিভিন্ন জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব, ন্যায়বিচার, শান্তি এবং সংহতির দূত হিসেবে কাজ করে।’
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে শক্তিশালী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন।




















