স্বরাষ্ট্রমন্ত্রী
দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার, বেনজীর এখনো ফেডারেল পুলিশের হেফাজতে
- আপডেট সময় ০৫:১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৩ বার পড়া হয়েছে
দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠিয়েছি। আমাদের দূতাবাস সেগুলো ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটিই সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে এখনো আমাদের কিছু জানানো হয়নি। আশা করি খুব শিগগিরই জানানো হবে।’
শুক্রবার (২৬ জুন) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বেনজীরকে গ্রেপ্তারের খবর দুবাই থেকে ই-মেইলে জানানোর পর ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠাতে বলা হয়েছিল। কিন্তু আমরা তিন দিনের মধ্যেই প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠিয়ে দিয়েছি।’
বেনজীর অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন বলে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এখনো ইউএই সরকারের জবাবের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে যতটুকু জানি, তিনি ফেডারেল পুলিশের কাছেই আছেন, তাদের হেফাজতে রয়েছেন। এর বাইরে অন্য কোনো তথ্য আমাদের জানা নেই।’
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার তিন আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ওয়ারেন্ট পাঠানো হয়েছে। আমরা অপেক্ষা করছি। আশা করি তাদের ফেরত পাওয়া যাবে এবং তদন্ত সম্পন্ন করে যথাযথভাবে চার্জশিট দেওয়া সম্ভব হবে।’


















