মেয়ের জন্মদিনে বেবি বাম্পে নজর কাড়লেন দীপিকা
- আপডেট সময় ০৫:০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার পড়া হয়েছে
পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। আর সেই আনন্দের মাঝেই মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিনে একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন তারা।
সেখানে বিশেষ মুহূর্তেই নজর কেড়ে নিল দীপিকার বেবি বাম্প। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা।
সাদা-কালো ছবিতে রণবীর, মেয়ে দুয়ার সঙ্গে ফোটোশুট করে তাক লাগিয়ে দিয়েছেন নায়িকা। মুহূর্তেই ভাইরাল তাদের বিশেষ পারিবারিক পোস্ট।
শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে অনুরাগীমহল। ৮ সেপ্টেম্বর ছিল তারকা দম্পতির মেয়ে দুয়ার দ্বিতীয় জন্মদিন।
২০২৪ সালের এই দিনেই রণবীর ও দীপিকার জীবনে এসেছিল তাদের প্রথম সন্তান। এত দিন মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই সতর্ক ছিলেন তারা। প্রকাশ্যে এলেও দুয়ার মুখ খুব একটা স্পষ্টভাবে দেখাতে চাননি। তবে দুয়ার জন্মদিনে চমক দিলেন ‘দীপবীর’।
রণবীর ও দীপিকার পোস্টে দেখা গেছে, কোথাও মেয়েকে নিয়ে খেলছেন রণবীর, কোথাও আবার দীপিকা ও রণবীরের মাঝে হাসিমুখে দেখা যাচ্ছে ছোট্ট দুয়াকে। ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে সেই মুহূর্ত, যেখানে রণবীরের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা এবং স্পষ্ট দেখা যাচ্ছে তার বেবি বাম্প। অন্য একটি ছবিতে মেয়েকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের আদুরে মুহূর্তও ধরা পড়েছে।
ছবিগুলোর সঙ্গে রণবীরের লেখা ক্যাপশনও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি লেখেন, ‘দুয়ার সঙ্গে তাদের হৃদয়ও আরও বড় হচ্ছে। এই একটি বাক্যের মাধ্যমে নতুন অতিথিকে ঘিরে তাদের উত্তেজনা ও আনন্দের কথা স্পষ্ট করে দিয়েছেন দম্পতি।
এপ্রিল মাসেই দ্বিতীয়বার বাবা-মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন রণবীর ও দীপিকা। তখন দুয়াকে সামনে রেখে একটি মিষ্টি পোস্টের মাধ্যমে সুখবর দিয়েছিলেন তারা।


















