মেসিকে বাদ দিয়ে পোস্ট, সমালোচনায় আর্জেন্টাইন ক্লাব
- আপডেট সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিল রোসারিও সেন্ট্রাল ক্লাব। কিন্তু সেই পোস্টে লিওনেল মেসিকে বাদ দেওয়ায় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে রোসারিও সেন্ট্রাল লিখেছিল, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। তোমাদের নিয়ে আমরা গর্বিত।’ সঙ্গে ছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের একটি ছবি। তবে ছবিটিতে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি।
পরে জানা যায়, ছবিটি নেওয়া হয়েছিল জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের আগে জাতীয় সংগীতের সময়। ওই ম্যাচেই একমাত্র মেসি শুরুর একাদশে ছিলেন না, কারণ এর আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
যদিও অনেক সমর্থকের অভিযোগ, মেসি আজীবন রোসারিও সেন্ট্রালের চিরপ্রতিদ্বন্দ্বী নিউয়েলস ওল্ড বয়েজের সমর্থক হওয়ায় ইচ্ছাকৃতভাবেই তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে। আর সেই কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ক্লাবটি।
সমর্থকদের অনেকেই লিখেছেন, ক্লাব-প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে জাতীয় দলের প্রসঙ্গ টেনে আনা ঠিক হয়নি। বিশেষ করে বিশ্বকাপ ফাইনাল হারের পর, যখন পুরো দেশ একসঙ্গে দলের পাশে দাঁড়িয়েছে, তখন এমন একটি পোস্ট পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তুলেছে।




















